সারাদেশ
বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাবেক বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেফতার

শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন। ছবি : সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা, দুটি ছুরি ও দুটি চাকু উদ্ধার করে। এ সময় দুই সহোদরকে আটক করে শালিখা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
গ্রেফতার বিএনপি নেতা চকলেট মুন্সি এবং যুবদল নেতা নয়ন মুন্সি শালিখা উপজেলার আড়পাড়ার মুন্সি শহিদুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। তবে পাঁচদিন আগে ২৪ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ পদে পুনর্বহাল করা হয়।
শালিখা থানার ওসি আবু সাঈদ জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলিসহ আটকদের নামে অবৈধ অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।





