রাজনীতি
যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের রুখে দিতে হবে: আবু সাইয়িদ

ছবি : সংগৃহীত
সদ্য বিএনপিতে যোগদান করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, জামায়াত ভণ্ড ও ৭১-এর যুদ্ধাপরাধী দল। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের রুখে দিতে হবে, তাদের ঘৃণা করতে হবে। বাংলাদেশের মানুষ কোনো দিন ওই পাকিস্তানি প্রেতাত্মাদের ক্ষমতায় দেখতে চায় না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই হাইস্কুল মাঠে ধোপাদহ ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আগামী ১২ তারিখের নির্বাচনে দেশের মুক্তি ও সাধারণ মানুষকে বাঁচাতে তিনি পাবনা-১ আসনে জামায়াতের বিরুদ্ধে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন- পাবনা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান, দলটির নেতা সালাউদ্দিন, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।





