রাজনীতি
শ্রমিক দল-যুব ও স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ৫ জন, স্বেচ্ছাসেবক দলের ৫ জন ও যুবদলের ৩ জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা শ্রমিক দল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের পাঁচজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান ইসলাম ও আশরাফুল ইসলাম, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল।
বহিষ্কারাদেশে অনুমোদন করেন জেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, জুবায়ের আকাশ, আতিকুর রহমান সোহাগ, সদস্য আল মাহমুদ রনি।
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্যসচিব মহিবুল হক টুটুল এ আদেশ দেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।







