জাতীয়
শিগগিরই জানা যাবে উপদেষ্টাদের সম্পদের তথ্য

ছবি : সংগৃহীত
শিগগিরই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য জানা যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন এ পরিষদের দুয়েকজন ছাড়া সবাই সম্পদের হিসাব দিয়েছেন। তাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনে কেমন ভোট পড়বে সেটা বলতে পারছি না। তবে সুষ্ঠু, উৎসবমুখর হবে নির্বাচন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। তারা এখন কেবল অনলাইনে আছে। মিছিলেও দেখি না।
গণমাধ্যম প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, গণমাধ্যম পুরো ১৮ মাস নিয়ন্ত্রণমুক্ত ছিল। যেকোনো নিউজ করতে পেরেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয় সেগুলো দেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যম চালু করা হয়েছে। অনেক সংস্কার হয়েছে গণমাধ্যমের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩০ বিদেশি পর্যবেক্ষক আসার কথা উল্লেখ করেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জনের মতো পর্যবেক্ষক আসছেন।
যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেওয়া অন্তবর্তী সরকারের লক্ষ্য ছিল না বলে মন্তব্য করেন আবুল কালাম আজাদ মজুমদার।






