আন্তর্জাতিক
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও সোমালিয়া

ছবি : সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে সোমালিয়া। ভারত মহাসাগর ও সুয়েজ খালের মধ্যবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যপথে অবস্থিত হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় দেশগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সোমবারের (৯ ফেব্রুয়ারি) এই চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষর হলো, যখন মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। সোমালিল্যান্ড ১৯৯১ সালে নিজেকে স্বাধীন ঘোষণা করলেও এখনো মোগাদিশু একে সোমালিয়ার অংশ হিসেবে দাবি করে আসছে।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সোমবার ‘সামরিক সহযোগিতা চুক্তি’তে সই করেন বলে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
এদিকে, প্রিন্স খালিদ বিন সালমান এক্সে দেওয়া পৃথক এক পোস্টে জানান, রিয়াদে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীর ফাঁকে তিনি একাধিক চুক্তিতে সই করেছেন এবং সেগুলোর স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন।
তবে এসব চুক্তির বিস্তারিত তিনি জানাননি।







