জাতীয়

নাঙ্গলকোটে ‘জালভোটে’ বাধা দেওয়ায় জামায়াতের এজেন্টকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নাঙ্গলকোটে ‘জালভোটে’ বাধা দেওয়ায় জামায়াতের এজেন্টকে মারধরের অভিযোগ

ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১নং কক্ষে বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করে ধানের শীষে ‘জালভোট’ দেওয়ার অভিযোগ উঠেছে।


এতে জামায়াতের এজেন্ট মো. ইয়াছিন মজুমদার বাধা দিলে তাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

জামায়াতের পোলিং এজেন্ট ইয়াছিন মজুমদার অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে ধানের শীষ ও গণভোটে ‘না’ সিল মারতে থাকে, আমি বাধা দিলে আমাকে টেনে হিঁচড়ে বের করে এনে অতর্কিতভাবে মারধর করে। পরে আমার পাড়া-প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।


ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহমুদ রেজা বলেন, আমি পাশের একটি কক্ষে ছিলাম, এ সময় কয়েকজন লোক কক্ষে প্রবেশ করে জালভোট দেয়। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীকে অবগত করলে সেনবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় ২০ মিনিট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে ভোটগ্রহণ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, আমি বিষয়টি জেনেছি, খবর নিয়ে দেখছি।


সম্পর্কিত খবর