জাতীয়

পোস্টাল ভোটে হেরে গেল বিএনপি, জয়ের মালা রিকশার ঘরে

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

পোস্টাল ভোটে হেরে গেল বিএনপি, জয়ের মালা রিকশার ঘরে

ছবি : সংগৃহীত

সব কেন্দ্রের ভোট গণনার পর এগিয়ে থেকেও পোস্টাল ভোটে হেরে গেল মাদারীপুর-১ আসনের বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। এ নির্বাচনে বিএনপির পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে নিয়ে নাদিরা নির্বাচন করলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে ১১-দলীয় জোট রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালার গলায় উঠেছে বিজয়ের মালা।


মাদারীপুর জেলার শিবচর উপজেলাটি মাদারীপুর-১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০২টি। মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগ করছে ১ লাখ ৮২ হাজার ৭১০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭১৯টি। ১ লাখ ৭৮ হাজার ৯৯১ ভোটের মধ্যে ১১-দলীয় জোট বিকশা প্রতীকের বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯৯টি। অন্যদিকে নিকটতম প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

১০২টি কেন্দ্রের ভোট গণনায় ১১-দলীয় জোটের বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি। বিএনপি প্রার্থী ৬৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর চেয়ে ৭৮০ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পোস্টাল ভোটে বিএনপির প্রার্থী মাত্র ২৩৩টি ভোট পায়।

অন্যদিকে বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ১ হাজার ৩৯৮টি পোস্টাল ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে হারিয়ে বিজয়ের মালা গলায় পরেন।

বিএনপির ধানের শীষের প্রার্থীসহ দুজন বিদ্রোহী প্রার্থী ছিল। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ভাইকে সমর্থন দিয়ে প্রচার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবচরের সাবেক সংসদ সদস্য ও বিগত সরকারের চিপ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই নূর-ই আলম লিটন চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচার ও ভোট দিতে নির্দেশ দেন। এতে পালটে যায় নির্বাচনের মাঠ।

জনসমর্থনে পিছিয়ে থাকা নাদিরা আক্তার স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাকে পেছনে ফেলে নির্বাচনে প্রতিযোগিতায় উঠে আসে। অন্যদিকে ১১ দলীয় জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা জামায়াতের ভোটব্যাংক এবং নিজের ও পরিবারের ঐতিহ্য থাকায় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। সাইদ উদ্দিন আহমেদ হানজালা শিবচর উপজেলার বাহাদুরপুর পীর পরিবারের সন্তান ও ফরায়েজী আন্দোলনের প্রবর্তক ও প্রধান নেতা কিংবদন্তি হাজি শরীয়াতুল্লার বংশধর।

এদিকে মাদারীপুর -২ আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ধানের শীষ প্রতীকে ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিল্টন বৈদ্যের কলম প্রতীক পেয়েছে ৪৬ হজার ৪৭৬ ভোট।

মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক ভোট পেয়েছেন ৮৪ হাজার ৬ ৪৬ ভোট।


সম্পর্কিত খবর