অর্থনীতি
নাসার নজরুলের স্ত্রীর সোয়া ৫ কোটি টাকার জমি ক্রোক

ছবি : সংগৃহীত
দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের সোয়া ৫ কোটি টাকা মূল্যের জমি ক্রোক করা হয়েছে। তার নামে কুমিল্লায় থাকা ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি ক্রোকের এ আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এই জমির মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব জমি ক্রোক চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা ভোগ দখল করছিলেন। এ অভিযোগে তার নামে মামলা দায়ের করা হয়।
তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, নাসরিন ইসলামের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগে অর্জিত অবৈধ সম্পত্তিগুলো হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে। আসামির দখলে থাকা এসব স্থাবর সম্পত্তি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে ক্রোক করা আবশ্যক।







