সারাদেশ

ধানের শীষের সিলযুক্ত ব্যালট মিলল কেন্দ্রে, ইউএনও ৫ ঘণ্টা অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ধানের শীষের সিলযুক্ত ব্যালট মিলল কেন্দ্রে, ইউএনও ৫ ঘণ্টা অবরুদ্ধ

ছবি : সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে ধানের শীষের সিলযুক্ত ব্যালট পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষে সিল দেওয়া ব্যালট উদ্ধার করা হয়েছে।

বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ঝাড়ু দেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী ওই ব্যালট পেপার দেখতে পায়। বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বিদ্যালয়ের শিক্ষক ও ২ শিশুকে আইনের আওতায় আনার ঘোষণা দেন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ও গাড়ি ভাঙচুর করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে স্কুলে গিয়ে শ্রেণি কক্ষ ঝাড়ু দেওয়ার সময় শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট খুঁজে পায়। পরে ব্যালট ও সিলগুলো প্রধান শিক্ষকের কাছে জমা দেয় তারা।

এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়া তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে আসেন। তিনি বিষয়টি নিয়ে হৈচৈ করে লোকজন জড়ো করার জন্য ওই শিক্ষকসহ ২ শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনার ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ঘোষণায় ক্ষুব্ধ জনতা বিভিন্ন এলাকা থেকে বিদ্যালয়ের কেন্দ্রে জমায়েত হতে থাকেন এবং তারা যেকোনো মূল্যে শিক্ষক ও শিশু দুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দেন। এতে সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। ঝাড়ু হাতে নারীরাও অবস্থান নেন। প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সার্বিক এ পরিস্থিতিতে শিক্ষক ও শিশু দুজনকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে কঠোর পুলিশি প্রহরায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির গ্লাস ভাঙচুর করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে ইউএনওকে উদ্ধার করে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর