জাতীয়
গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হলো কুকুরসদৃশ রোবট

ছবি : সংগৃহীত
ভারতের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাজারের সিসি ক্যামেরায় রেকর্ড হলো কুকুরসদৃশ বস্তুর একদিক থেকে আরেকদিকে চলাফেরা। দেখে মনে হয় রোবোটিক কুকুর। বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে। নড়েচড়ে বসেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
১৭ ফেব্রুয়ারি ভোররাতের ফুটেজে দেখা যায়, রোবটসদৃশ চলন্ত একটি বস্তু, যা দেখতে অনেকটা কুকুরের মতো।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার নামক স্থানে। ওই বাজারের আলাউদ্দিন ইলেকট্রনিক্স ও হার্ডওয়ার দোকানের নিরাপত্তার জন্য লাগানো সিসি টিভি ক্যামেরায় ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে (১৭ ফেব্রুয়ারি ভোররাত) রেকর্ড হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় লাইট জ্বালিয়ে চার পায়ে লাফিয়ে দৌড়াচ্ছে রোবটসদৃশ একটি বস্তু। কয়েক (প্রায় ১২ সেকেন্ড) সেকেন্ডেই ক্যামেরার দৃষ্টির বাইরে চলে যায় সেটি। পরদিন দোকানের মালিক সিসিটিভির ফুটেজ দেখতে গিয়ে এটি ধরা পড়ে।
এটি মোবাইলে মোবাইলে ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে হইচই পড়ে যায়। ভারতীয় কাঁটাতার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মিলনি বাজার এটি। ঘটনার পর থেকে নানাভাবে আলোচনায় বিষয়টি চলে আসছে।
বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে আসে কচাকাটা থানা পুলিশ। তবে এটি আসলে রোবট কিনা বা রোবট হলেও কারা পরিচালনা করেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে কৌতূহল ও আতঙ্ক রয়েছে মানুষের মাঝে।
আলাউদ্দিন ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানের মালিক রোকনুজ্জামান রোকন বলেন, এর আগে আমাদের দোকান চুরি হয়েছিল। তারপর আমরা সিসি ক্যামেরা লাগাই। মঙ্গলবার রাতে আমার ছোট ভাই সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পায় দোকানের সামনে দিয়ে রাত সাড়ে ৩টার পরে রোবট দৌড়ে যাচ্ছে। পরে ওটা ফেসবুকে দেওয়া হয়। এরপর জানাজানি হলে প্রশাসনের লোকজন এসে জিজ্ঞাসাবাদ করেন।
রোকনের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, প্রতিদিন আমরা কমবেশি ভিডিওগুলো দেখি। ওই রাতে বাজারের পাশে এক বাড়ি থেকে গরু চুরি হয়। এ কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৯টার দিকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বসি। এটি প্রথমে মনে হয়েছিল সাইকেলের মতো। পরের দেখি রোবট দৌড়ে যাচ্ছে। তার কিছু পরে একটা মোটরসাইকেল যায় খুব দ্রুতগতিতে এবং তারা ফিরেও আসে।
পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, তিনি দেখেছেন রোবটটিকে। বলেন, প্রতি রাতে দোকানে থাকি। সারা রাত ঘুমাই না। ওই রাতে ৩টার পরে দেখি একটা কেমন শব্দ। কিসের শব্দ বুঝতে পারি নাই। পরে টিনের ফাঁক দিয়ে দেখি ওইটা লাফায় লাফায় যাচ্ছে। চারটা পা। মাথায় লাইট। দেখে ভয় পাইছি। কয়েক মিনিট পর একটা মোটরসাইকেল খুব জোরে ওদিকে যায়। আবার ফিরে আসে। ওটা কি জিনিস বুঝতে পারছি না।
বাজার কমিটির সভাপতি শুকুর আলী জানান, সীমান্ত থেকে বাজারটি প্রায় দুই কিলোমিটার দূরে। এখানে ভারতীয় রোবট আসার সম্ভাবনা নেই। তবে কারা এটা করেছে সেটা বের করা দরকার। আমরা অনেকটা আতঙ্কগ্রস্ত। খবর পেয়ে বুধবার সকালে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এখন কিছু বলা যাচ্ছে না। প্রকৃত পক্ষে কী ঘটেছিল তা অনুসন্ধান চলছে।
২২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, প্রাথমিকভাবে এটা বাইসাইকেল মনে হচ্ছে। এখানে রোবট আসার কোনো সম্ভাবনা নেই। অধিকতর পর্যবেক্ষণ চলছে।
নিরাপদ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, ভারত বাংলাদেশের সীমান্তের ২ কিলোমিটার ভিতরে রোবট জাতীয় একটা জিনিস একদিক থেকে আরেকদিকে চলতে দেখা যায় ভিডিও ফুটেজে। এটা স্বাভাবিক একটা বিষয়। এতে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। এটি কারো ব্যক্তিগত রোবট বা কোনো নিরাপত্তা বাহিনীর বা সীমান্ত বাহিনীর হতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু দেখি না।







