আন্তর্জাতিক

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য

ফক্স নিউজ

শেয়ারঃ

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য।


ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে এমন কোনো অভিযানে ব্রিটিশ ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না।

দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ট্রাম্প এবং স্টারমারের মধ্যে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, যেখানে ব্রিটিশ কর্মকর্তারা তাদের উদ্বেগের কথা স্পষ্ট করেন।

মূলত ইংল্যান্ডের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ ঘাঁটিটি ব্যবহারের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র, যা ইউরোপে মার্কিন ভারি বোমারু বিমানের প্রধান কেন্দ্র। এছাড়া ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘দিয়েগো গার্সিয়া’ ঘাঁটিটিও এই তালিকায় ছিল। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে হলে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে আগাম সমঝোতা থাকা বাধ্যতামূলক। কিন্তু ইরানের ওপর সম্ভাব্য হামলাকে ‘প্রি-এম্পটিভ’ বা আগাম আক্রমণ হিসেবে বিবেচনা করে ব্রিটেন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।


এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে সম্ভাব্য হামলা ঠেকাতে এই ঘাঁটিগুলো ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তিনি ব্রিটেনকে ‘ওকিজম’ বা অতি-উদারপন্থি ধারণা ত্যাগ করে শক্ত অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি এই উত্তেজনার রেশ ধরে ট্রাম্প ব্রিটিশ সরকারের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের ওপর থেকেও মার্কিন সমর্থন তুলে নিয়েছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামও ব্রিটেনের এই অবস্থানের সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইতিহাসের এই সন্ধিক্ষণে ব্রিটেনের দূরে সরে থাকাটা তাদের ভুল পক্ষ বেছে নেওয়ারই নামান্তর।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরান সংকট সমাধানে আগ্রহী হলেও তার হাতে সব ধরনের বিকল্প খোলা আছে। তিনি ইরানকে নতুন একটি পারমাণবিক চুক্তিতে আসার জন্য সর্বোচ্চ ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, অন্যথায় ‘দুর্ভাগ্যজনক’ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।


সম্পর্কিত খবর