খেলাধুলা
সুপার এইটের চমক জিম্বাবুয়ে
ছবি : সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমকের নাম জিম্বাবুয়ে। নিজেদের গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে পেছনে ফেলে সুপার এইটে জায়গা করে নিয়েছে সিকান্দার রাজার দল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সুপার এইটে চমকের নাম জিম্বাবুয়ে কি না! সেরা আট দলের দিকে তাকালেই উত্তর মিলবে। সেরা আটে জিম্বাবুয়ে বাদে বাকি সাত দলই দাপুটে। দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেটের ময়দানে রাজত্ব করা দল। তাদের মাঝে জিম্বাবুয়ে চমকই বটে।
বিশ্বকাপে জিম্বাবুয়ের এ চমকপ্রদ উত্থানের পেছনের নায়ক ব্রায়ান বেনেট। বড় বড় ইনিংস খেললেও চওড়া উচ্ছ্বাস নয়Ñনিভৃতে দলকে জেতানোর কাজটাই যেন বেশি পছন্দ তার। আর সে ধারাবাহিক পারফরম্যান্সেই এখন পর্যন্ত টুর্নামেন্টে অনন্য হয়ে উঠেছেন ২২ বছর বয়সি এ ক্রিকেটার। জিম্বাবুয়ের সুপার এইটে ওঠার পেছনে বড় কারিগর বেনেট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪৮ বলে অপরাজিত ৬৩ রান করে দলকে জয় এনে দেন বেনেট। এর আগে ওমানের বিপক্ষে ৪৮* এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪* সব মিলিয়ে তিন ম্যাচে একবারও আউট হননি তিনি। ফলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে না থাকলেও গড়ের হিসাবে তিনি একেবারে আলাদা জায়গায়। কারণ, তার ব্যাটিং গড় এখনো ‘অসীম’।
বেনেটের এ ধারাবাহিকতা শুধু ব্যাটেই সীমাবদ্ধ নয়, ওমানের বিপক্ষে এক ম্যাচে সীমানার কাছ থেকে দৌড়ে গিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচ নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই প্রসঙ্গ টেনেই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে মজার মন্তব্য করে আইসল্যান্ড ক্রিকেট, ‘সে উড়তেও পারে আবার ব্যাটও করতে পারে।’ বেনেটের এই ধারালো ব্যাটিং নকআউটের জন্যও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেনেট জ্বলে উঠলে সেরা আটেও সুপার পারফর্ম করা জিম্বাবুয়েকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। একই সঙ্গে সিকান্দার রাজা, ব্লেজিং মুজারাবানির মতো খেলোয়াড়রাও আছেন সমর্থন দিতে। সব মিলিয়ে জিম্বাবুয়ের সামনে এটা বেশ ভালো সুযোগ। এটা চলতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেনেটের অপরাজিতের মতো অপরাজেয় থাকবে জিম্বাবুয়েও।






