সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে ৯৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নাইক্ষ্যংছড়িতে ৯৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। বিজিবি সূত্রমতে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৯ কোটি টাকার বেশি। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।


এ সময় বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক বছির আহম্মেদ মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এফডিএমএন ক্যাম্প-০৯, ব্লক এইচ-১ এর বাসিন্দা বছির আহম্মেদকে আটক করা হয়। অভিযানে তার সঙ্গে থাকা ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়; বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর