রাজনীতি
চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির

ছবি : সংগৃহীত
চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ও সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে আজ বিকাল ৩টায় রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সড়কে যেকোনো প্রকার অনৈতিক অর্থ আদায় ও চালক-শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে সাত রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।







