শিক্ষাঙ্গন
চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ৭০ টাকা দাবি, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ময়মনসিংহ ও ত্রিশালসহ বিভিন্ন স্থানে সিএনজি ও অটোরিকশার অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চালকরা। প্রতিটি স্থানে নির্ধারিত ৩০ টাকার চাঁদা দাবি করা হচ্ছে ৭০ টাকা। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় ঘন্টাব্যাপী অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। একই দিন দুপুরে ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা।
পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, জেলার ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট পর্যন্ত অটোরিকশা চলাচল করে। এসব সিএনজিচালিত অটোরিকশাগুলোতে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। এ চাঁদা তুলতেন মো. দুকুল ও তার দুই সহযোগী মো. রফিক ও মো. রতন। কিন্তু রোববার সকালে ত্রিশাল এলাকা থেকে মো. ফয়সাল নামে একজন সিএনজি নিয়ে মেডিকেল গেট এলাকায় আসলে ৭০ টাকা দাবি করা হয়। এনিয়ে প্রতিবাদ করে সিএনজি চালক ফয়সাল।
ওই অবস্থায় তাকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে না দেওয়ায় ত্রিশালে চলে যান। পরে অন্য সিএনজি চালকদের জানালে সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশার চালকরা। এ সময় অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানা পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী চালকরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্ট এভাবে টাকা দিয়ে সড়কে যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরণের চাঁদা বন্ধের দাবি জানান তারা।
ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, মেডিকেল কলেজ গেট এলাকায় ৩০ টাকার স্থলে আজ ৭০ টাকা দাবি করলে এ ঘটনার উদ্ভব হয়। যারা চাঁদা তুলত তাদের আমরা শনাক্ত করতে পারিনি এবং রাজনৈতিক কোনো পরিচয় আছে কী না তাও জানি না। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।






