জাতীয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

 বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

ছবি : সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপনির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এ আসনে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি বাদশাকে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাদশা বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ধানের শীষের প্রার্থী করেছেন। বগুড়ার মানুষ উন্নয়ন চায়। এ জেলার সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাহিন, সহিদ উদ নবী সালাম, কেএম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।


সম্পর্কিত খবর