জাতীয়

ভারতে পলাতক আ.লীগের সাবেক এমপির মৃত্যু

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ভারতে পলাতক আ.লীগের সাবেক এমপির মৃত্যু

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যান জোয়াহেরুল। সেখানে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।


সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ ছয় দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে।

জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। তারা মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান মেয়ে জাকিয়া ইসলাম।


জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামে বেশি পরিচিত ছিলেন।

প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলামের বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে। পারিবারিক সূত্র জানায়, প্রয়াত এই নেতার লাশ দেশে এনে নিজ গ্রামে দাফন করতে চায় পরিবার। এজন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


জোয়াহেরুলের ভাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, আমরা চাই, আমার ভাইয়ের লাশ আমাদের গ্রামে আনা হোক। সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



সম্পর্কিত খবর