আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ দিনে খরচ ৩.৭ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় অর্থাৎ ৪ দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে স্টোর ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।
শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক এই থিঙ্ক ট্যাংক বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনই ইঙ্গিত দিয়েছেন যে, যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। সে ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যেতে বর্তমানে নির্ধারিত বাজেটের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের আরও বেশি অর্থ প্রয়োজন হবে।
সিএসআইএস জানিয়েছে, যুদ্ধের শুরুতে ব্যয় বেশি হয়, কারণ তখন অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করতে হয়। পরে তুলনামূলক কম দামের অস্ত্র ব্যবহারের ফলে গোলাবারুদের খরচ কিছুটা কমতে পারে।
তবে সংস্থাটি বলছে, বাজেটের বাইরে এই যুদ্ধের খরচ যথেষ্ট বড় হবে। ফলে কোনো এক সময় মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে। কারণ ভেতরের বাজেট কাটছাঁট করে এই যুদ্ধের খরচ চালানো রাজনৈতিক ও কার্যগতভাবে কঠিন হতে পারে।







