আন্তর্জাতিক

মিসাইলের আশঙ্কায় হরমুজে আটকা পড়ল বাংলাদেশের জাহাজ

নিউজ ডেস্ক

শেয়ারঃ

মিসাইলের আশঙ্কায় হরমুজে আটকা পড়ল বাংলাদেশের জাহাজ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।


গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছেছিল। সেই সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান নাবিকেরা। সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি না পেরিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায়।

জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় রয়েছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছে, তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হয়েছে।


ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।


এই পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার করাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।


সম্পর্কিত খবর