আন্তর্জাতিক

নেতানিয়াহুর কফির ভিডিও ‘ডিপফেক’ দাবি, মুখ খুলল ইসরাইল

নিউজ ডেস্ক

শেয়ারঃ

নেতানিয়াহুর কফির ভিডিও ‘ডিপফেক’ দাবি, মুখ খুলল ইসরাইল

ছবি : সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহুর কফি শপের ভিডিও নিয়ে যে বিতর্ক উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর পরিষ্কার জানিয়েছে, ভিডিওটি আসল এবং প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।


আনাদোলু সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দফতর বলেছে, ‘এগুলো ভুয়া সংবাদ। প্রধানমন্ত্রী ভালো আছেন।’

ইসরাইলের পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এসেছে জেরুজালেমের সেই ক্যাফে থেকে। ‘দ্য সাতাফ’ ক্যাফে তাদের ইনস্টাগ্রামে নেতানিয়াহুর ছবি পোস্ট করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সেখানে কফি উপভোগ করছেন।


ক্যাফেটি লিখেছে, ‘আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দফতরকে স্বাগত জানাতে পেরে আমরা অনেক খুশি!’

নেতানিয়াহু নিজেও ভিডিওতে সমালোচকদের সরাসরি জবাব দিয়েছেন। মৃত্যুর গুজব ও ছয় আঙুলের ভিডিও নিয়ে মজা করে বলেছেন, ‘আঙুল গুনতে চাও? এই নাও বাম হাত, এই নাও ডান হাত। দেখলে!’ কফির কাপ তুলে বলেছেন, ‘লেখাইম — জীবনের জন্য।’


তবে সেই ভিডিওর মন্তব্যে এক ব্যবহারকারী গ্রোককে প্রশ্ন করেন এই ভিডিও আসল না নকল। প্রশ্নের জবাবে গ্রোক জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি। গ্রোক লিখে, ‘এটি এআই-নির্মিত। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক। কফি শপে বসে ইরান ও লেবানন অভিযান নিয়ে গল্প করছেন এমন কোনো সত্যিকারের ঘটনা কোথাও নথিভুক্ত নেই। মূল পোস্টেই এটিকে মুক্তি না পাওয়া উন্নত এআই প্রযুক্তি বলা হয়েছে।’


আরেক ব্যবহারকারীর প্রশ্নে গ্রোক আবারও জানাল, ‘হ্যাঁ, ১০০ শতাংশ নিশ্চিত — এটি উন্নত এআই ডিপফেক। সরকারি ক্যাফেতে বসে গোপন অভিযানের কথা বলছেন? এমন কোনো ঘটনা বাস্তবে হয়নি বা কোথাও রিপোর্টও হয়নি।’

তবে এরপরই ইসরাইল তাদের অবস্থান স্পষ্ট করে। জানায় ভিডিওটি সত্যিকারের, নেতানিয়াহু জেরুজালেম পাহাড়ের ওই ক্যাফেতে গিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে ছড়ানো সব গুজব ভিত্তিহীন।


সম্পর্কিত খবর