খেলাধুলা
পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন মোস্তাফিজ রানা শরিফুল ইমন

ছবি : সংগৃহীত
আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার।
পিএসএলে অংশ নিতে আজ সোমবার সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম আর ওপেনার পারভেজ হোসেন ইমন।
লেগ স্পিনার রিশাদ হোসেন ও তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানের বিমান ধরবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এমনটি জানিয়েছে।
আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারকে কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি।
টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফিজকে।







