সারাদেশ
গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাকপ্রতিবন্ধী ভ্যানচালক আলম মিয়াকে (৩০) হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টায় গফরগাঁও থানার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন আইকন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলাম। গ্রেফতার হওয়া তিনজন একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সঙ্গে সহরুদ্দিনের ঝগড়ার সৃষ্টি হয়। বিবাদের একপর্যায়ে সহরুদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধী আলম প্রতিপক্ষ আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন।
ঘটনার জেরে আমান মিয়া ছাত্রদল নেতা ইমরান হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামের সহযোগিতায় আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আলম মারা যান। পুলিশ ঘটনার দিবাগত রাত দেড়টায় আলমের লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানা ওসি আ স ম আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।






