সারাদেশ

সাত বস্তা পরিযায়ী পাখি শিকার, ৬ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

সাত বস্তা পরিযায়ী পাখি শিকার, ৬ জনকে জরিমানা

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বসে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার করে প্রশাসনের শাস্তির মুখে পড়েছেন ছয়জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মাথাভাঙ্গা এলাকায় পাখি শিকারের সময় স্থানীয় জনতা তাদের আটক করে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।


এ সময় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে বয়স বিবেচনায় প্রশাসন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আ স ম হাদিউল ইসলাম ভূঁইয়াকে ১ লাখ টাকা এবং বাকি পাঁচজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়েছে।


অন্য দণ্ডপ্রাপ্তরা হলেন- আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজী ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহম্মেদ (২৭)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, নিষিদ্ধ পাখি শিকারের দায়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮(১) ধারায় ছয়জনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া জব্দকৃত অস্ত্র থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


তিনি আরও জানান, জব্দকৃত পাখির মাংস আশেপাশের চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং পরিযায়ী ও রক্ষিত বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাখি শিকারের অভিযোগ ছিল। এ ঘটনায় প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।



সম্পর্কিত খবর