বিনোদন

অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’, বিশেষ প্রদর্শনীতে ‘দম’

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’, বিশেষ প্রদর্শনীতে ‘দম’

ছবি : সংগৃহীত

দেশে সাফল্যের পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’।


শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। একই সময় দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে দম-এর বিশেষ প্রদর্শনী।

নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন ও ক্যারোসেলসহ মোট ১৯টি হলে চলছে বলে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস।


মুক্তির চার দিনের মধ্যেই দেশে কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়া সিনেমাটি প্রবাসীদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে এটি যুক্তরাজ্যেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।


অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ঈদের সিনেমাগুলোর মধ্যে প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে এই ছবিটির। ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরদিন বিকেল ৫টায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়্যারিবি হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।


‘দম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী।


সম্পর্কিত খবর