খেলাধুলা

সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ?

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ?

ছবি : সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮০। সিঙ্গাপুর ১৪৮। ৩২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হার মানা বাংলাদেশের এবার ‘মিশন সিঙ্গাপুর’ কেমন হবে তার কিছুটা আঁচ পাওয়া যায় র‌্যাংকিংয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিয়মরক্ষার সিঙ্গাপুর-পরীক্ষার আগে বাংলাদেশ শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠার খবর পাওয়া গেছে। আগেই বাংলাদেশ দলের অভিজ্ঞ সেন্টার-ব্যাক ও ফরোয়ার্ড রাকিব হোসেন নিষিদ্ধ। পড়তি ফর্মের দরুন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রও দলের বাইরে। চোট-আঘাতজনিত সমস্যা আরও বেড়েছে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে বসা ফিফা প্রীতি ম্যাচে। সিঙ্গাপুরে আগেরদিন বাংলাদেশ দল অনুশীলন সেরেছে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়কে ছাড়া। আরেক মিডফিল্ডার শাহ কাজেম কিরমানি হালকা অনুশীলন করেছেন। এছাড়া ফরোয়ার্ড আরমান ফয়সাল অনুশীলনে মৃদু চোট পেয়েছেন। হৃদয় ও কাজেম দুজনই খেলেননি ভিয়েতনাম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষেও পাওয়া যাবে না তাদের। ভিয়েতনাম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলা কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত স্বীকার করেন, ‘চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে।’


এশিয়ান কাপ বাছাইপর্বের বাধা টপকাতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটা নিয়মরক্ষার। ক্যালাংয়ের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। মূলপর্বে ওঠার আর কোনো সুযোগ নেই। তবে সম্মান বাঁচানো এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস অর্জনের বড় পরীক্ষা এটি। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর এরই মধ্যে গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।


ঢাকায় প্রথম লেগে বাংলাদেশ ১-২ গোলে হেরেছিল। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রক্ষণভাগের ভুলে হারতে হয়েছিল লাল-সবুজদের। বাংলাদেশের লক্ষ্য ড্র করে বাছাইপর্ব শেষ করা। কোচ হাভিয়ের কাবরেরার দলে দুই প্রবাসী হামজা চৌধুরী ও শমিত সোম যোগ দেওয়ায় মাঝমাঠে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ ও সৃজনশীলতা এসেছে। হামজা-জামাল-শমিত ত্রয়ীর ওপর নির্ভর করবে বাংলাদেশের রণকৌশল।


প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমরা জানি সিঙ্গাপুর শক্তিশালী দল। তারা এরই মধ্যে এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে। কিন্তু আমরা এখানে ভালো ফলের জন্য এসেছি।’ হামজাকে নিয়ে সতর্ক বাংলাদেশ কোচ। ইনজুরি থেকে সদ্য ফেরা এই মিডফিল্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। কাবরেরার ভাষায়, ‘হামজা ভালো আছে। তবে আবহাওয়া ও ম্যাচ ফিটনেসের সঙ্গে মানিয়ে নিতে ওর কিছুটা সময় লাগবে।’


অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা হয়তো গ্রুপ থেকে উঠতে পারছি না; কিন্তু আমরা দেখাতে চাই বাংলাদেশ বদলাচ্ছে।’ অন্যদিকে সিঙ্গাপুরের বড় শক্তি দ্রুত কাউন্টার অ্যাটাক। দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইরফান ফ্যান্দি। আক্রমণে থাকবেন ইখসান ফ্যান্দি ও শাওয়াল আনুয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সিঙ্গাপুরের গতিময় আক্রমণ সামলানো।

এই ম্যাচটা বাড়তি গুরুত্ব পাচ্ছে আরেক কারণে। কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ আগামী মাসেই। এখন পর্যন্ত তার চুক্তি নবায়নের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে গুঞ্জন আছে, আজই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে কাবরেরা-যুগ।


অনুশীলন সেশনেও তার একটা আভাস মিলছে। অনুশীলন শেষে গতকাল পুরো দল মিলে ছবি তুললেন কাবরেরার সঙ্গে। স্প্যানিশ এই কোচের সম্ভাব্য বিদায়টা যে জয় দিয়েই শেষ করতে চাইবে বাংলাদেশ, সেটা আর বলতে!


সম্পর্কিত খবর