প্রবাস

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু, লাশ ফেরত চায় পরিবার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু, লাশ ফেরত চায় পরিবার

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী শাহ আলম (৫০) নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।

নিহত শাহ আলম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূইয়ার ছেলে। তিনি প্রায় ১০ বছর আগে দুবাই যান। সেখানে তিনি মাজরা ভিসায় একটি মালিকানা খামারে কাজ করতেন। পরিবারে তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।


নিহতের বোন সাবিনা আক্তার বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের ফুজাউরাহ আল-রিফা এলাকার একটি খামারে কাজ করতেন তার ভাই। বুধবার সকালে একটি ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়ে শাহ আলমের উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি- আমার ভাইয়ের লাশটা যেন যথাযথভাবে আমাদের কাছে পৌঁছানো হয়। আমার ভাই সামান্য বেতনে সেখানে মাজরায় কাজ করতেন। তা দিয়ে কোনোরকম পরিবারের ভরণপোষণ চলত। আমার ভাইয়ের লাশটা যেন সরকার আমাদের কাছে এনে দেয়। পরিবারটাকে যেন আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করা হয়।



এদিকে দুবাই গণমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়েছে। আর এ ঘটনায় বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছি। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। লাশ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে।



সম্পর্কিত খবর