সারাদেশ

বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় হত্যা, মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় হত্যা, মামলার আসামি গ্রেফতার

ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের এক বিয়েবাড়িতে খাবার প্লেটে মাংস কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২ এপ্রিল) র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) ঘাগোয়া ইউপির হাজারীপাড়া থেকে আসামি গোলজার রহমানকে গ্রেফতার করা হয়।


গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ২২ জুন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউপির হাজারীপাড়া ছায়দার আলীর বাড়িতে মেয়ের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুপুরের খাবারের প্লেটে আমন্ত্রিত অতিথিরা সবাই যথেষ্ট পরিমাণে মাংস পান; কিন্তু বিয়েতে আসা পাত্রপক্ষের মনোয়ারা বেগম নামের একজনের খাবার প্লেটে মাংস কম হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ওই মহিলা ভাত-মাংসসহ প্লেটটি ছায়দার আলীর মুখে ছুড়ে মারেন।


এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বরপক্ষের লোকজন লাঠিসোটা ও লোহার রড দিয়ে ছায়দার আলীকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা জেলারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন আহত ছায়দার আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে আল আমীন বাদী হয়ে ২৪ জুলাই গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত গোলজার রহমান পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।


বুধবার (১ এপ্রিল) গভীর রাতে র্যাব-১৩ সদস্যরা হত্যাকাণ্ডের ৬ মাস পর গোলজারকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে।



সম্পর্কিত খবর