রাজনীতি
যুবদলের ৩ নেতার মাথা ফাটানোর অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
রাজধানীর দক্ষিণখানে সরকারি উন্নয়ন কাজের মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবদল নেতাসহ ৩ জনকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্তর বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাতে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার যুবদল নেতা মো. রাসেল সরকার।
মামলা সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) আনুমানিক সকাল ১০টার দিকে দক্ষিণখানের হলান এলাকায় সরকারি উন্নয়ন কাজের মাটি খননকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা রাসেল সরকারের সঙ্গে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্তর কথাকাটাকাটির একপর্যায়ে যুবদল নেতার ওপর ধারালো অস্ত্র ও লাটিসোঁঠা নিয়ে হামলা চালায় আল আমিনের অনুসারীরা। এ সময় রাসেলসহ সাব্বির ও জুয়েল নামের অপর দুইজনের মাথা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আল-আমিনসহ অন্যরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্তকে প্রধান আসামি করে শনিবার দিবাগত রাতে (৪ এপ্রিল) দক্ষিণখান থানা বাদী হয়ে মামলা দায়ের করেন হামলার শিকার যুবদল নেতা মো. রাসেল সরকার। মামলায় জিসান, পিংকি, আকাশ, মাহি, আরাফাত, মাহিন, মেহেদিসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দক্ষিণখান থানার ফটকে দাঁড়িয়ে স্লোগান দেন স্থানীয়রা।
রাসেল সরকার অভিযোগ করে বলেন, দক্ষিণখানে সরকারি কাজের অতিরিক্ত মাটি আল আমিন শান্ত বিক্রি করছেন কয়েক দিন ধরে। এখান থেকে কিছু মাটি পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলেন রাসেল, যেটিতে চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮-১০ গাড়ি মাটি ফেলার খরচ দেওয়ার কথাও বলেন রাসেল। কিন্তু শান্ত আমার কথা না শুনে উল্টো আমাকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে আমি তাকে বলি এগুলো রাস্তার মাটি, সরকারি মাটি। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে আমি ও আমার সঙ্গে থাকা কয়েকজনের ওপর হামলা করে। একপর্যায়ে সে আমাকেসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দেয়। শরীরেও আঘাত করে। আমরা গুরুতর জখম হই।’
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকেই আল আমিন শান্ত একের পর মারামরি, দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করতে থাকেন। বিএনপি ক্ষমতায় আসার পর আরও বেপরোয়া হয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে মারধর করার পাশাপাশি নির্মাণাধীন ভবন, বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও স্থানীয় দোকানপাট থেকে চাঁদা তোলার একাধিক অভিযোগ আছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আল আমিন শান্ত।
দক্ষিণখান থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করে রাসেল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।






