আন্তর্জাতিক

নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান হামাসের

নিউজ ডেস্ক

শেয়ারঃ

নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান হামাসের

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিরস্ত্র হওয়ার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরাইলি ‘গণহত্যা’ অব্যাহত রাখার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে।

রোববার এক টেলিভিশন ভাষণে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা বলেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ইসরাইল পুরোপুরি বাস্তবায়ন করার আগে অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনা করা হবে না।


তিনি এই দাবিকে অত্যন্ত বিপজ্জনক এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ার একটি প্রকাশ্য প্রচেষ্টা হিসাবে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পরিকল্পনার আওতায় হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আনা হয়। সম্প্রতি কায়রোতে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়।

হামাসের দাবি, যুদ্ধবিরতির সব শর্ত বাস্তবায়ন, ইসরাইলি হামলা বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট রূপরেখা থাকতে হবে। হামাস বলেছে, যুদ্ধবিরতির পরও ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

অন্যদিকে ইসরাইল বলছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে তারা সেনা প্রত্যাহারে রাজি নয়।

সূত্রগুলো বলছে, এই অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে হামাস সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেনি; বরং তাদের শর্ত পূরণ হলে আলোচনায় অগ্রগতি হতে পারে।

আবু উবাইদা জোর দিয়ে বলেন, ‘এই পরিকল্পনার প্রথম ধাপ ইসরাইল পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত অস্ত্রের বিষয়ে কোনো আলোচনা হবে না। বিষয়টি হামাস মধ্যস্থতাকারীদের আগেই জানিয়ে দিয়েছে।’


আবু উবাইদা সতর্ক করে বলেন, ‘অস্ত্রের বিষয়টি অমার্জিতভাবে উত্থাপন করা গ্রহণযোগ্য হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে হামাসের অস্ত্র ত্যাগের দাবিটি একটি বড় বাধা।

এই পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। আবু উবাইদার রোববারের মন্তব্য এই পরিকল্পনার আনুষ্ঠানিক প্রত্যাখ্যান কি না, তা এখনও পরিষ্কার নয়।


সম্পর্কিত খবর