সারাদেশ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে এক যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ মিনহাজ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।


সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কোতোয়ালির বলুয়ার দিঘীরপাড় ও বাকলিয়ার বউবাজার এলাকায় এ সংঘর্ষ ও পালটা-পালটি হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পালটা হামলায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

মিনহাজ মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে স্থানীয় অপু গ্রুপের সঙ্গে জাকির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষ আরেক পক্ষকে দেশীয় অস্ত্র দা, কিরিচ, লাঠিসোটা ও ধামা দিয়ে হামলা করে।

সংঘর্ষের সময় ভারি অস্ত্রর আঘাতে যুবদল কর্মী মিনহাজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত মিনহাজ জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। তিনি চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।


পরে কোতোয়ালি থানা ও বাকলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন যুগান্তরকে জানান, দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সম্পর্কিত খবর