রাজনীতি
তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ
ছবি : সংগৃহীত
তুরাগে অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি রোববার সকালে রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবরবাড়ির বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।
সেলিম উদ্দিন বলেন, আর্তমানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে মনে করি। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে জামায়াত নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। তবে আমাদের সাধ অনেক হলেও সাধ্য সীমিত। তার পরও বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই আমরা আজ সামান্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এতে ন্যূনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
তিনি অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের সব পেশা ও শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং নাগরিকের সব অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই। তিনি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।
তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমির কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম, জামায়াত নেতা মাওলানা ওয়ারেস আলী মুরাদ, জুলফিকার আলী, মাঈন উদ্দিন, সাইদুর রহমান ও ওলিদ প্রমুখ।







