আন্তর্জাতিক

ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের

দ্য ইকোনোমিকস টাইমস

শেয়ারঃ

ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের

ছবি : সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানে অস্ত্র সরবরাহ করেছে বা করতে যাচ্ছে চীন—এমন অভিযোগকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার (১৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ ধরনের খবর প্রকাশ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই।


মার্কিন গণমাধ্যম সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, বেইজিং ইতোমধ্যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে। তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীন সবসময় সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। তিনি আরও বলেন, আমরা ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত অপসংযোগের বিরোধিতা করি।


ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা চীন। তবে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। বিশ্লেষকদের মতে, চীন-ইরান সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।


সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস


সম্পর্কিত খবর