শিক্ষাঙ্গন
দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত একাধিক শিক্ষার্থী

ছবি : সংগৃহীত
রাজধানীতে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে তেজগাঁও এলাকার এফডিসির মোড়ে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাবি শিক্ষার্থীরা জানায়, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস বুধবার সকালে দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।
ডাকসু ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ক্ষণিকার একটি বাস সকালে এফডিসির সামনে দুর্ঘটনায় শিকার হয়েছে। আমরা হাসপাতালে এসেছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছি।







