সারাদেশ

মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ, পাংশার তরুণ দল সভাপতিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ, পাংশার তরুণ দল সভাপতিসহ গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসে জোর করে তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় মোট ৩ জন আসামি গ্রেফতার হলেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।


গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার কুলাটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে ও পাংশা পৌর তরুণ দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৪০) ও পারনারায়ণপুর গ্রামের মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)।

পাংশা থানার মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে হাসিবুর রহমান অন্তর ও মো. বরকত মুন্সীসহ আসামিরা পাংশার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় থাকা নারীকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যান।


এ ঘটনায় ওই নারী নিজেই রাজবাড়ীর পাংশা মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৩১ মার্চ শনিবার রাতেই মামলার ২নং আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে (৪০) গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে পলাতক ওই মামলার বাকি ২ জন আসামি আত্মগোপনে চলে যান। গত (১৪ এপ্রিল) মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া থেকে ওই দুই আসামি হাসিবুর রহমান ও বরকত মুন্সীকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।


ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হাসিবুর রহমান অন্তর ও মো. বরকত মুন্সীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা একটি মাইক্রোবাসের মধ্যে ও নারীকে জোরপূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকেন এবং পালাক্রমে ধর্ষণ করেন। পরে রাত ৭টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকার একটি ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে চলে যান।


সম্পর্কিত খবর