আন্তর্জাতিক

সাময়িকভাবে বন্ধ হচ্ছে ‘বুর্জ আল আরব’

সামা টিভি

শেয়ারঃ

সাময়িকভাবে বন্ধ হচ্ছে ‘বুর্জ আল আরব’

ছবি : সংগৃহীত

দুবাইয়ের জনপ্রিয় প্রতীকী বিলাসবহুল হোটেল ‘বুর্জ আল আরব’ বড় ধরনের সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। কমপক্ষে ১৮ মাস বা দেড় বছর বন্ধ রাখা হবে এই হোটেলটি। ১৯৯৯ সালে চালু হওয়ার পর এটিই হবে এর প্রথম বড় সংস্কারমূলক কাজ।


হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কাজটি ধাপে ধাপে প্রায় দেড় বছর ধরে চলবে এবং এর নকশা তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান অর। তবে হোটেলটি সম্পূর্ণ বন্ধ থাকবে কি না তা স্পষ্ট করে বিবৃতিতে জানানো হয়নি।

একজন কর্মীর মতে, সংস্কার চলাকালে যাদের বুকিং রয়েছে, তাদের কাছাকাছি অন্য হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বন্ধ থাকার সময়সীমা পরিবর্তিতও হতে পারে।


পালতোলা নকশার এই হোটেলটি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় স্থাপনা এবং জুমেইরাহ গ্রুপের প্রধান সম্পত্তি। মার্চের শুরুর দিকে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষ হোটেলের বাইরের অংশে আঘাত করেছিল, এতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়।


তবে এই দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার কাজটির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। জুমেইরাহও তাদের বিবৃতিতে এই প্রকল্পকে চলমান যুদ্ধের সঙ্গে জড়ায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সে অঞ্চলের পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্লাইটে বিঘ্ন ঘটছে এবং পর্যটক কমে যাওয়ায় বিলাসবহুল খাতের আয়েও চাপ পড়ছে। তাই এ সময়টাকেই হোটেল সংস্কারের জন্য নির্বাচন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: সামা


সম্পর্কিত খবর