সারাদেশ

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত গ্রেফতার

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ডাকাত চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব এসব তথ্য জানান।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ১৩ জনকে শুক্রবার বিকালে বড়াইগ্রাম আমলী আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন।


আবদুল ওয়াহাব বলেন, ডাকাত সর্দার রুহুল আমিন ও অপর দলের ডাকাত সর্দার সৈকত জেলে থাকাবস্থায় বড়াইগ্রামের বনপাড়ায় নির্মাণাধীন অরক্ষিত পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা করেন। জেল থেকে ছাড়া পেয়েই গত ২৫ মার্চ গভীর রাতে দুটি সংঘবদ্ধ ডাকাত দল যৌথভাবে নির্মাণাধীন ওই গ্রিডে হামলা চালায়।

এ সময় কর্মরত চারজন অপেশাদার পাহারাদারকে বেঁধে এক কোটি ৯৩ লাখ টাকার মালামাল ট্রাকে নিয়ে চলে যায়। পরের দিন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।


জেলা গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় গত ৪৮ ঘণ্টায় নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনার সঙ্গে জড়িত পাবনার ফরিদপুর নেছারাবাদ শিবপুরের রহমত মোল্লার ছেলে রোকন মোল্লা (৩২), একই জেলার চাটমোহরের ওয়ারেজ আলীর ছেলে মো. শিহাব উদ্দিন (২৬), সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বান্নাত আলীর ছেলে রুহুল আমিন (৩৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৃত সামাদ আলীর ছেলে আব্দুস সালাম (৩৫), একই জেলার নন্দীগ্রামের মোজাহার আলীর ছেলে তসলিম প্রামাণিক (৪৮), পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়ার শাহজাহান মোল্লার ছেলে হযরত আলী ওরফে মন্টু মোল্লা (৪৬), বগুড়া শিবগঞ্জের মোজাম্মেল হকের ছেলে বাছেদ মণ্ডল (৩৭), জামালপুর জেলার ইসলামপুর ডিগ্রির চরের সাহেব আলীর ছেলে সৈকত (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের দুলাল মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল (৫০), একই এলাকার মাওনা উত্তরপাড়ার রুস্তম আলীর ছেলে হারুন অর রশীদকে (৪০) গ্রেফতার করা হয়।


এর আগে জাহাঙ্গীর আলম (৩৯), নায়েব আলী (৪৫) ও সাইফুল ইসলাম (৪২) নামে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া পাওয়ার গ্রিডের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারি সেল, ১০টি মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগেই সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও সুমন কুমার, শোভন চন্দ্র হোড় (বড়াইগ্রাম সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর