রাজনীতি
সিলেটে বাড়ছে হামের প্রকোপ, আরও এক শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত
সিলেটে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্থান নেই হাসপাতালে। বাধ্য হয়ে ফ্লোরে রোগীদের শুইয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা।
সোমবার সকালেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১০০ শয্যার ‘ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১০৭ জন চিকিৎসাধীন থাকায় অনেক আক্রান্ত শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজের ১০ শয্যার আইসোলেশন ইউনিটও পূর্ণ থাকায় নতুন রোগীদের শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন ভর্তি আছেন যার মধ্যে ৯৩ জনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, সিলেটে এখন হামের ‘পিক টাইম’ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৮০ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে। মৃত ১২ জনের মধ্যে দুজনের ক্ষেত্রে হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকিরা উপসর্গভিত্তিক সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। নিয়মিত রোগী ভর্তি বৃদ্ধিতে হাসপাতালগুলোতে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে।







