জাতীয়

ঢাকার বাতাস নিয়ে সুখবর

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ঢাকার বাতাস নিয়ে সুখবর

ছবি : সংগৃহীত

বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন ধরে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে বাতাসে ভেসে থাকা ধূলিকণাও কমেছে। ফলে ঢাকায় আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।


শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৪তম। এই শহরের বায়ুমানের স্কোর ৫৮। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত করা হয়। ফলে আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা বাড়তে পারে।

এদিকে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরে স্কোর ১৬৭। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ১৬৪। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার শহর।


তালিকার প্রথম সারিতে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসে দূষণের মাত্রা অনেকটা কমেছে। আজ দশম অবস্থানে থাকা এই শহরের স্কোর ১১০। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর করাচির অবস্থান ৪১। এই শহরের বায়ুমানের স্কোর ৬০। এই স্কোর মোটামুটি ভালো।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



সম্পর্কিত খবর