শিক্ষাঙ্গন
৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের একটি ক্লিনিকে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সাঈদ।
সোমবার (১৮ মে) ক্লিনিকেই তিনি স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর অবসর গ্রহণ করলেও গত পাঁচ বছরেও তিনি অবসরভাতা পাননি। আবেদন-নিবেদন করেও বারবার দপ্তর থেকে দপ্তরে ঘুরে অবসরভাতা উত্তোলন করতে পারেননি তিনি।
স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে অবসরভাতা না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে দাপ্তরিক জটিলতায় ঘুরপাকে তিনি হতাশ হয়ে পড়েন বলে দাবি তাদের।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর বলেন, স্যার এর আগেও দুইবার স্ট্রোক করেছিলেন। তার স্ত্রীও অসুস্থ ছিলেন। অবসরভাতার জন্য দৌড়ঝাঁপ করলেও তা উত্তোলন করতে পারেননি। এ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, একজন মানুষ গড়ার কারিগর অবসরের পর অবসরভাতার জন্য কেন এমন হয়রানির শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না। স্যারের মৃত্যুর পেছনে এটিও একটি কারণ।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।





