রাজনীতি
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে আন্দোলন গড়ে তুলতে বললেন মামুনুল হক

ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ বর্তমানে দুইটি ভাগে বিভক্ত, একদিকে এগারোটি দল আর অন্যদিকে একটি দল। গুণ্ডা-মস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শরীফ ওসমান হাদির মতো যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়াউদ্দীন সাহেবের (দা: বা:) সভাপতিত্বে জনসভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় নেতা প্রিতম সোহাগ, ফয়সাল মাহমুদ, ছাত্রশিবির জাবি শাখার সাবেক সভাপতি আব্দুল মতিন, জামায়েতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ, কলমাকান্দা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাসিম, দুর্গাপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী গোলাম রব্বানীসহ নেতাকর্মী ও আলেম মাশায়েকরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, দলের ভাগ্য পরিবর্তনের জন্য নয়- গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য, ১১ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের কাছে ভোট কেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য যারা নির্বাচন করছে তাদের ভোট দিবেন না। নির্বাচনের দিন সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের সমমনা মানুষের ভোট কাস্টিং করাবেন।






