শিক্ষাঙ্গন
আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল শিক্ষার্থী নুবা

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে ফের উজ্জ্বল হলো বাংলাদেশের মুখ। মর্যাদাপূর্ণ ‘দি কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার ১৪২তম আসরে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে মুহসিনাত হাসান নুবা। ২০২৫ সালের নভেম্বর মাসে প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়।
১০ বছর বয়সি নুবা মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তার প্রবন্ধের শিরোনাম ছিল— ‘Whispers of the Turquoise Paradise’। এই লেখার মাধ্যমে নুবা বর্তমান বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। প্রথমত- মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতি স্থাপনের গুরুত্ব এবং দ্বিতীয়ত- জলবায়ু সংকট ও তা মোকাবিলায় বৈশ্বিক দায়িত্ব ও সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা।
নুবার লেখনির গভীরতা, শৈল্পিক প্রকাশভঙ্গি এবং বৈশ্বিক সমস্যা নিয়ে তার পরিণত চিন্তাভাবনার জন্য বিচারকমণ্ডলী তার প্রবন্ধের উচ্চ প্রশংসা করেন।
নুবার এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষা প্রতিষ্ঠান মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। বিদ্যালয়ের অধ্যক্ষ নুবার অর্জনকে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা নুবার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভার উজ্জ্বল নিদর্শন। আমরা আশা করি তার সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। সে জীবনে আরও অনেকদূর এগিয়ে যাক, এই দোয়া রাখি।
বহুমুখী প্রতিভার অধিকারী নুবা
আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জনের পাশাপাশি নুবা আরও বিভিন্ন প্রতিযোগিতায় তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। শিশু একাডেমি কর্তৃক আয়োজিত একটি রচনা প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে। পাশাপাশি জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ও ইংলিশ অলিম্পিয়াডে নিয়মিত অংশগ্রহণ করে সে সাফল্যের পরিচয় দিয়েছে।
শিক্ষক দম্পতির দ্বিতীয় সন্তান নুবা শৈশব থেকেই শিক্ষা ও সৃজনশীলতার প্রতি আগ্রহী। তার মা-বাবা ও আত্মীয়-স্বজন সবাই নুবার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
নুবার এই সাফল্য দেশের নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা, যা প্রমাণ করে— সঠিক পরিচর্যা ও উৎসাহ পেলে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার দ্যুতি ছড়াতে সক্ষম।






