রাজনীতি

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬

ছবি : সংগৃহীত

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের চারজন এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর ১২ জন কর্মী-সমর্থক রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারে গণসংযোগ করে। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ক্যাম্পের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। এতে কচুয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হয়।

আহতদের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

ঘটনাস্থল থেকে বড়বড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তার দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র ও গুলির ব্যবহার এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাইফুল ইসলাম টিপুর পক্ষে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ নামে থানায় অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই প্রথমে বিএনপির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যানার ও প্রার্থীর ছবি ভাঙচুর করে।

এ ঘটনায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর