রাজনীতি
প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে: ইসিকে জামায়াত

ছবি : সংগৃহীত
বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি আরও বলেছে, ঢাকাসহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। দলের নেতা–কর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা জানান
জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতে ইসলামীর আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। নারীদের ওপর হামলা হচ্ছে, তাদের হেনস্তা করা হচ্ছে। তারা আগেও এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে বলেছেন। কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাত করছে। সেখানকার ওসি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের কার্যালয়ে রেইড দিয়েছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছেন।
জামায়াত নেতা অভিযোগ করেন, পাবনাতেও পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।
জুবায়ের বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়ছে। যারা এ ধরনের আচরণ করছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে জামায়াত। তিনি বলেন, নির্বাচনের আর কয়েকটা দিন বাকি আছে। এ ধরনের আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হবে। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ হবে।







