সারাদেশ
মেহেরপুরে দুই স্থানে সংঘর্ষে আহত ১৫, আটক ৩

ছবি : সংগৃহীত
মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৃথক দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে একটি ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটারদের কেন্দ্রে আসা–যাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান (রিটন) ও আইনাল গাজী আহত হন।
পরে ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করে পুলিশ।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।
অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।



