সারাদেশ

গণপিটুনি দিয়ে চোখ উপড়ে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

গণপিটুনি দিয়ে চোখ উপড়ে যুবককে হত্যা

ছবি : সংগৃহীত

পাথরঘাটায় রিয়াজ নামের একজনকে কোপানোর জেরে চিহ্নিত সন্ত্রাসী যুবক আবুল বাশার সুজনকে গণপিটুনির পর চোখ উপড়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুজনের মৃত্যু নিশ্চিত করেছেন।


এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মধ্য লেমুয়া সুজনের বাড়িতে এ ঘটনা ঘটে। সুজন মধ্য লেমুয়া এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বাড়িয়ে পরিস্থিতি শান্ত রাখছে।

স্থানীয় চৌকিদার সগরি হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সুজন একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে মারধর করেন। খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ ঘটনাস্থলে গেলে তার ওপরও সুজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সুজন রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেয়। হাত বিচ্ছিন্ন করার বিষয়টি এলাকাবাসী জানতে পেরে রিয়াজকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিয়াজ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আর জানান, ঘটনার পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে এলাকাবাসী উত্তেজিত হয়ে সুজনের বাড়িতে গিয়ে গণপিটুনি দিয়ে চোখ উপড়ে ফেলে এবং তার ঘরবাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে দুপুর ২টার দিকে বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুজনকে পাথরঘাটা থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার উপপরিদর্শক অশিত কুমার জানান, লাশ পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনার পেছনে কী ঘটেছে, তার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর