খেলাধুলা

টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানে লড়াইয়ের মধ্যে লড়াই। সেই লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন দুদলের ক্রিকেটাররা। যিনি জেতেন, তিনি রাতারাতি তারকা হয়ে যান। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ ভারত ও পাকিস্তানের। ম্যাচে পাঁচটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।


শাহিন বনাম অভিষেক

এখন পর্যন্ত এই লড়াইয়ে শাহিনকে হারিয়েছেন অভিষেক। এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের বিরুদ্ধে ১৯ বল খেলে ৩৬ রান করেছেন অভিষেক। অর্থাৎ, ১৮৯.৫ স্ট্রাইক রেটে রান করেছেন ভারতীয় ওপেনার। অভিষেককে একবারও আউট করতে পারেননি শাহিন। শাহিনের সামনে সুযোগ রয়েছে আগের তিন ম্যাচের বদলা নেওয়ার।

বুমরাহ বনাম ফারহান

শাহিনকে যেমন অভিষেক টেক্কা দিয়েছেন, তেমনি জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে দাপট দেখিয়েছেন সাহিবজাদা ফারহান। এশিয়া কাপে তিন ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেছেন তারা। বুমরাহর ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। ১৫০ স্ট্রাইক রেট। ছয় চার ও তিন ছক্কা। ফারহানকে একবারও আউট করতে পারেননি বুমরাহ। যে কোনো ফরম্যাটে বুমরাহর বিরুদ্ধে এমন দাপট খুব কম ব্যাটার দেখিয়েছেন। বিশ্বকাপেও কি সেই ছবি দেখা যাবে?

বাবর বনাম বরুণ

আগের ম্যাচে রানে ফিরেছেন বাবর আজম। ভারতের বিরুদ্ধে তিনি পাকিস্তানের বড় ভরসা। মিডলঅর্ডারে রান তোলার দায়িত্ব তার। সেসময় সামনে বরুণ চক্রবর্তীকে পাবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা বোলার বরুণ। তার রহস্যময় বোলিং ব্যাটারদের সমস্যায় ফেলে। এর আগে টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। একবারও আউট হননি। তবে স্ট্রাইক রেট খুব বেশি (১৩০.৮) নয়। আজ আবার মুখোমুখি হবেন তারা। এবার কে বাজিমাত করেন সেদিকে নজর দুদলের সমর্থকদের।

সূর্যকুমার বনাম তারিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। তার প্রধান শক্তি, মাঠের চার দিকে সহজে শট খেলতে পারেন। সেই কারণে তাকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। সূর্যের সামনে কোথায় বল ফেলবেন, এ নিয়ে চিন্তায় থাকেন বোলাররা। অন্যদিকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক। প্রথমবার ভারতের ব্যাটাররা খেলবেন তাকে। তারিকের বোলিং অ্যাকশন অদ্ভুত। দেখে মনে হয়, বল করার সময় কনুই ভাঙেন। কিন্তু আসলে তা নয়। সূর্যকে থামাতে তাকে দায়িত্ব দেবেন পাক অধিনায়ক সালমান আগা।

হার্দিক বনাম ফাহিম

দুদলের দুই সেরা অলরাউন্ডার। ব্যাট-বল হাতে বড় ভূমিকা থাকে তাদের। হার্দিকের পাঁচ বলে এখন পর্যন্ত ১২ রান করেছেন ফাহিম। উলটো দিকে ফাহিমের দুই বলে দুই রান করেছেন হার্দিক। ব্যাট হাতে তারা দুজনই ফিনিশারের ভূমিকা পালন করেন। আবার পাওয়ারপ্লে ও ডেথ ওভারে বল করেন। এই দুজনের লড়াইয়ের দিকেও সবার নজর থাকবে।



সম্পর্কিত খবর