খেলাধুলা
নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলংকা

ছবি : সংগৃহীত
পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে চলে গেলো শ্রীলংকা ক্রিকেট দল। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় লংকানরা।
জিম্বাবুয়ের পর শ্রীলংকার বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
তিন ম্যাচে টানা জয়ে শ্রীলংকার পয়েন্ট ৬। সমান ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথেই রয়েছে জিম্বাবুয়ে।
সোমবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৮.২ ওভার তথা ৫০ বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১০৪ রান। দলের এমন অবস্থা দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে।
এরপর দারুণভাবে খেলায় ফেরে শ্রীলংকা। একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেয় লংকানরা।
১৫ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫১ রান। তখনো মনে হয়েছিল স্কোর দুইশ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালানের পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ বলে ৬ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার ট্রাভিস হেড। আরেক ওপেনার মিচেল মার্শ করেন ২৭ বলে ৫৪ রান। শ্রীলংকার হয়ে দাসুন হেমন্ত ৪ ওভারে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন। ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন দুশমন্ত চামিরা।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার কুশাল পেরেরা। এরপর কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা।
৩৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫১ রান করে ফেরেন মেন্ডিস। তবে ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাথুম নিশাঙ্কা। তিনি ৫২ বলে ১০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন।







