সারাদেশ
খুঁটিতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষে আহত ৩০

ছবি : সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখা হয়। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার দুপুর ২টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।





