সারাদেশ

নারী ও শিশুসহ ১৫৩ বন্দি উদ্ধার, ১৫ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নারী ও শিশুসহ ১৫৩ বন্দি উদ্ধার, ১৫ পাচারকারী আটক

ছবি : সংগৃহীত

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার এবং ১৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে।


রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়- সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ রোববার রাত ৩টায় অপারেশন সমুদ্র পহারায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় তাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।


উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধার ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



সম্পর্কিত খবর