জাতীয়

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া বাহরাইনে আরও এক বাংলাদেশি নাগরিক নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি তদারকি করছে।


কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের কাছাকাছি ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।


আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দূতাবাস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।


অন্যদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নাগরিকদের জন্য যথাযথ পরামর্শ দিতে বলা হয়েছে। যাতে তারা সতর্ক থাকেন এবং সংশ্লিষ্ট দেশের সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করেন।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



সম্পর্কিত খবর